দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আবারও স্টুডিওর গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে শিকড়ের সন্ধানে। দীর্ঘদিনের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠানটির নতুন পর্ব ধারণ করা হয়েছে নরসিংদী জেলায়।
ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনপদের অজানা গল্প তুলে ধরার লক্ষ্যেই এবারের আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে এই প্রাচীন জনপদকে। নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয় এবারের আকর্ষণীয় মঞ্চ। অনুষ্ঠানটিকে ঘিরে পুরো জেলা জুড়েই ছিল উৎসবের আবহ।
দুপুরের পর থেকেই দর্শকরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন।
জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা বিশেষ আমন্ত্রণপত্র নিয়ে হাজারো মানুষ উপস্থিত হন ধারণস্থলে। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় পুরো প্রাঙ্গণ।
স্থানীয়দের মতে, নরসিংদীতে এর আগে কোনো সাংস্কৃতিক আয়োজনে এত বিপুল জনসমাগম দেখা যায়নি। ধারণক্ষমতার কয়েক গুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় অনেকে আশপাশের ভবনের ছাদ, দেয়াল, রাস্তার পাশ এমনকি গাছের ডালেও অবস্থান নেন অনুষ্ঠান উপভোগের জন্য।

