spot_img

জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা পোডলস্কির অবসরের ঘোষণা

অবশ্যই পরুন

অবশেষে পেশাদার ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান তারকা লুকাস পোডলস্কি। শুক্রবার (২২ মে) ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। চলতি গ্রীষ্মেই তিনি বুট জোড়া তুলে রাখবেন। খবর গোল ডটকমের

নিজের শৈশবের ক্লাব গোরনিক জাব্রজের অধিনায়ক হিসেবে দলকে বহু প্রতীক্ষিত পোলিশ কাপ জিতিয়েছেন পোডলস্কি। সম্প্রতি ক্লাবটির মালিকানাও গ্রহণ করেছেন তিনি। তাই তার অবসরের সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল।

সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় পোদোলস্কি লেখেন, ‘একটি অধ্যায় শেষ হচ্ছে, নতুন এক যুগ শুরু হচ্ছে।’ ২০২১ সাল থেকে পোল্যান্ডের এই ক্লাবটির হয়ে খেলছিলেন তিনি। শনিবার রাদোমিয়াক রাদোমের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর মাত্র দুই দিন আগেই তিনি ক্লাবটির মালিক হন।

বিদায়ী ভিডিওতে নিজের ক্যারিয়ারে খেলা প্রতিটি ক্লাবের জার্সি সাজিয়ে রাখেন পোদোলস্কি। এরপর স্বভাবসুলভ নির্লিপ্ত ভঙ্গিতে বলেন, ‘ঠিক আছে, আজকের কাজ শেষ।’ ক্লাব গোরনিক জাব্রজেও আবেগঘন বার্তায় জানায়, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, পোলদি। নতুন ভূমিকায় শুভকামনা।’

দুর্দান্ত বাঁ-পায়ের শট ও সহজ-সরল ব্যক্তিত্বের জন্য সমর্থকদের হৃদয় জয় করা পোডলস্কি জার্মান জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩০ ম্যাচ। করেছেন ৪৯ গোল। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে। তার ওপরে আছেন মিরোস্লাভ ক্লোজে (৭১ গোল) এবং জার্ড মুলার (৬৮ গোল)।

কোলনের যুব একাডেমিতে ক্যারিয়ারের শুরুটা হয় পোডলস্কির। ২০০৩ সালে সেখানেই পেশাদার অভিষেক। পরে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের জার্সিতেও খেলেন এবং ২০০৮ সালে জেতেন লিগ ও কাপ ডাবল। এছাড়া বিদেশের মাটিতে আর্সেনাল, ইন্টার মিলান, গালাতাসারাই, ভিসাল কোবে ও আনতালিসপেরের হয়েও খেলেছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারের শেষদিকে এসে গোরনিক জাব্রজের হয়ে পাঁচ বছর কাটানোর পর অবশেষে ঘরোয়া কাপ শিরোপা জেতেন পোডলস্কি। এর মাধ্যমে জার্মানি, ইংল্যান্ড, তুরস্ক ও জাপানের পর পোল্যান্ডেও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

সর্বশেষ সংবাদ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এনজো–লাউতারোর গোলে ফাইনালে আর্জেন্টিনা

দুর্দান্ত কামব্যাকে মহাকাব্য লিখতে বসেছে আর্জেন্টিনা। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে কামব্যাক করে জয়ের হাসি হেসেছেন লিওনেল মেসিরা। ফাইনালের লড়াইয়েও...

এই বিভাগের অন্যান্য সংবাদ