আমেরিকান সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে প্রকাশ করেছে যে, পেন্টাগন সতর্ক করেছে— ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করে আমেরিকার ‘বিমান অভিযান শনাক্ত ও প্রতিহত করার’ সক্ষমতা অর্জন করেছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে নতুন দফার হামলা স্থগিত করতে বাধ্য হন।
আন্তর্জাতিক ডেস্ক ফার্স নিউজ এজেন্সি: নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে, ইরানের বিরুদ্ধে পুনরায় হামলার হুমকি থেকে ট্রাম্প পিছিয়ে এসেছেন। সোমবার ট্রাম্প ঘোষণা করেন যে তিনি চলতি সপ্তাহেই ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলার অনুমোদন দিয়েছিলেন, কিন্তু ‘গুরুত্বপূর্ণ আলোচনার’ সুযোগ দিতে সেটি স্থগিত করেন।
তিনি দাবি করেন, উপসাগরীয় অঞ্চলের তিন নেতা তাকে অনুরোধ করেছেন যেন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আরও সময় দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বহুবার হামলা পুনরায় শুরু করার হুমকি দিয়েছেন, কিন্তু প্রতিবার শেষ মুহূর্তে সরে এসেছেন এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি একটি ব্যয়বহুল ও অজনপ্রিয় যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছেন।
নিউইয়র্ক টাইমস লিখেছে, সোমবার ট্রাম্প একইসঙ্গে হামলার পরিকল্পনা অনুমোদনও করেন এবং তা বাতিলও করেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা আগামীকাল একটি খুব বড় হামলার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি সেটি সাময়িকভাবে স্থগিত করেছি— হয়তো চিরতরের জন্য, যদিও সম্ভবত অল্প সময়ের জন্য— কারণ ইরানের সঙ্গে আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং দেখতে হবে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়।’
প্রতিবেদনটি আরও জানায়, ট্রাম্প যখন ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধ শুরু করেন, তখন তিনি ধারণা করেছিলেন এটি চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই শেষ হবে। কিন্তু এখন সংঘাত তৃতীয় মাসে প্রবেশ করেছে এবং ট্রাম্প দুই বিপরীতমুখী লক্ষ্য নিয়ে দ্বিধায় পড়েছেন, একদিকে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা, অন্যদিকে বিজয় ঘোষণা করে এই সংঘাত থেকে বেরিয়ে আসা।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি

