যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের ‘অযৌক্তিক দাবি’ চলমান সংকট নিরসনের পথকে আরও জটিল করে তুলছে।
সোমবার এক বিবৃতিতে বাঘাই বলেন, “যখনই আমাদের যুদ্ধ করতে বাধ্য করা হবে, আমরা লড়াই করব। আবার কূটনীতির সুযোগ থাকলে আমরা সেই পথও গ্রহণ করব।”
তবে কূটনীতিরও নির্দিষ্ট নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরানের সব সিদ্ধান্তই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নেওয়া হবে।
ইরানের পক্ষ থেকে সর্বশেষ মার্কিন প্রস্তাবের জবাব রোববার পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে জানিয়ে বাঘাই দাবি করেন, তেহরানের প্রতিক্রিয়া কোনোভাবেই অতিরঞ্জিত ছিল না। বরং যুক্তরাষ্ট্র এখনো এমন কিছু দাবি বজায় রেখেছে, যা বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, নিজেদের জনগণের স্বার্থ রক্ষায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন-তেহরান উত্তেজনা নতুন করে বাড়লে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি করতে পারে।

