ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরুর আগে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা ওই বার্তায় তিনি এই নির্বাচনকে ‘আদর্শের লড়াই’ হিসেবে অভিহিত করেন।
ভোটারদের উদ্দেশে রাহুল গান্ধি লিখেন, পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা, এই আদর্শের লড়াইয়ে একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে। বিজেপি অধিকার কেড়ে নেয়, আমরা দিই। ওরা সংবিধান ধ্বংস করে, আমরা রক্ষা করি।
বিজেপি ভারতের বৈচিত্র্য মুছে ফেলতে চাইলেও কংগ্রেস বাংলাসহ প্রতিটি সংস্কৃতি ও ভাষাকে সম্মান করে— যোগ করেন তিনি।
বার্তায় রাহুল গান্ধি ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির কড়া সমালোচনা করেন। তার মতে, নির্বাচনী প্রক্রিয়ার এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করার একটি কৌশল। পশ্চিমবঙ্গজুড়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কংগ্রেসের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এদিকে, চলতি সপ্তাহে শ্রীরামপুর, মেটিয়াবুরুজ ও কলকাতায় রাহুল গান্ধির একাধিক জনসভা করার কথা রয়েছে। তবে সভাগুলোর অনুমতি পাওয়া নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

