spot_img

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ

অবশ্যই পরুন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা শুরু হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম দিন সকালে আবশ্যিক বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত রুটিন বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসজুড়ে আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা চলবে। ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র, ৬ জুলাই ইংরেজি প্রথম পত্র, ৮ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোল বিষয়ের উভয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও ইতিহাস প্রথম পত্র এবং ২২ জুলাই এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাসের শেষভাগে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা রাখা হয়েছে।

আগস্ট মাসের শুরুতেও কিছু পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে। ২ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং ৪ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ের পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে কোনো বিরতি থাকবে না।

১০০ নম্বরের পরীক্ষার সময় তিন ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। আর ব্যবহারিকসহ ২৫ থেকে ৫০ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে সময় কিছুটা কম হবে।

বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন কেন্দ্রে আনা যাবে না। তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করা বাধ্যতামূলক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

এক মাসের মাথায় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

শেয়ারবাজারে বিনিয়োগ ও ব্যবসায়িক লেনদেন নিয়ে বিতর্কের মুখে দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ