বলিউড ও দক্ষিণী সিনেমার দুই মহারথীকে এবার একই ফ্রেমে দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। সবকিছু ঠিক থাকলে জনপ্রিয় নির্মাতা অ্যাটলির হাত ধরে বড় পর্দায় এবার হাজির হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান ও তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ‘রাকা’ শিরোনামের একটি সিনেমায় দুই জগতের এই দুই মহাতারকাকে একসঙ্গে দেখা যেতে পারে।
দীর্ঘদিন ধরেই বিনোদন অঙ্গনে গুঞ্জন ছিল, অ্যাটলি কুমার তাঁর নতুন কোনো প্রজেক্টে এই দুই তারকাকে মেলাতে চলেছেন। এর আগে ‘জওয়ান’ সিনেমায় আল্লু অর্জুনের একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের কথা থাকলেও শিডিউল জটিলতায় তা সম্ভব হয়নি। তবে এবার সেই আক্ষেপ মিটতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এবারের সমীকরণটি একটু ভিন্ন; আল্লু অর্জুনের এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে শাহরুখ খানকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
মূলত ‘রাকা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই এই জল্পনার সূত্রপাত। পোস্টারটির প্রশংসা করে শাহরুখের এক বার্তার বিপরীতে অ্যাটলি লিখেছিলেন, ‘আপনাকে আরও গর্বিত করব।’ নির্মাতার এমন মন্তব্যেই দুই তারকার একসঙ্গে কাজ করার বিষয়টি অনেকটা নিশ্চিত বলে ধরে নিচ্ছেন সিনেমাপ্রেমীরা।
অন্যদিকে, চলতি বছরের শেষভাগে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় সিনেমাটি আসার কথা রয়েছে। এরই মাঝে নতুন এই প্রজেক্টের খবরে দুই তারকার ভক্ত মহলে বইছে আনন্দের জোয়ার।
সূত্রমতে, এই সিনেমায় দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও। ‘জওয়ান’-এর পর ফের এই ত্রয়ীর রসায়ন বড় পর্দায় দেখার অপেক্ষায় এখন দর্শকরা। তবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা ও শুটিংয়ের বিস্তারিত জানতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

