স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে। তিনি বলেন, নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।
আজকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেওয়া হবে। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনগুলোতে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারা দেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যে হামের গতিরোধ করতে আমরা সক্ষম হয়েছি ও মৃত্যুহারও কমে গেছে। আশা করছি দুই সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে চলে আসবে।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসন, বিএনপির নেতাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে সেখানে দিনব্যাপী লোকজ মেলার উদ্ধোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

