প্রিমিয়ার লিগে ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে লিভারপুলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাইটন। অলরেডদের হয়ে একমাত্র গোলটি করেন মিলোস কেরকেস।
শনিবার (২১ মার্চ) নিজেদের মাঠে অল রেডদের আতিথ্য দেয় ব্রাইটন।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাইটন। ১৪তম মিনিটে সতীর্থের নিখুঁত হেড পাস থেকে কাছ থেকে বল জালে জড়ান ৩৫ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ওয়েলবেক। ১-০ তে পিছিয়ে পড়েও দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা।
১৬ মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় লিভারপুল। হাঙ্গেরিয়ান লেফট-ব্যাক মিলোস কেরকেসের দারুণ এক ফিনিশিংয়ে স্বস্তি ফেরে অলরেড শিবিরে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
তবে বিরতির পর আবারও দৃশ্যপটে সেই ওয়েলবেক। ৫৬ মিনিটে দ্বিতীয়বার জালে বল পাঠিয়ে ব্যবধান গড়ে দেন এই বর্ষীয়ান স্ট্রাইকার।
এরপর অনেকটা সময় বাকি থাকলেও কিয়েসা বা রবার্টসনদের আক্রমণ ভাঙতে পারেনি ব্রাইটনের রক্ষণভাগ। লিগে এটি লিভারপুলের দশম হার।
টানা তিন ম্যাচ জয়হীন থেকে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে তারা। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট এগিয়ে চারে আছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে, সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আটে উঠে এসেছে ব্রাইটন।

