নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের তাজ মাথায় উঠলো ভারতের। প্রথম দল হিসেবে টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ‘দ্য ব্লুজ’।
আসরের ফাইনালে ভারতের করা ২৫৫ রান তাড়া করতে নেমে ১৫৯ রান তুলতেই অলআউট হয়ে যায় কিউইরা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট হাতে দুর্দান্ত শুরু পায় ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা আর সাঞ্জু স্যামসনের ব্যাটে পাওয়ারপ্লেতে ৯২ রান তোলে স্বাগতিকরা। ফিফটি হাঁকিয়ে রাচিন রবীন্দ্রর শিকার হয়ে ফেরেন অভিষেক। ফর্মের তুঙ্গে থাকা স্যামসন খেলেন ৮৯ রানের ইনিংস। ফিফটি হাঁকান তিনে নামা ঈশান কিষান, ফেরেন নিশামের বলে। সুরিয়াকুমার শূন্য রানে ফিরলেও হার্দিকের ১৮ আর শেষদিকে শিভম দুবের ২৬ রানের ক্যামিওতে আড়াইশ’ পেরোয় টিম ইন্ডিয়ার স্কোর।
জবাবে আক্সার-বুমরাহদের বোলিং তোপে ৪৭ রানেই তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। ব্যর্থ হন ফিল অ্যালেন, রাচিন রবীন্দ্র ও গলেন ফিলিপ্স। মার্ক চ্যাপম্যানও হার্দিকের বলে বোল্ড হন ৩ রান করে। ফিফটির দেখা পেলেও বরুণ চক্রবর্তীর বলে কিষানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টিম সেইফার্ট। ১৭ রান করে আক্সারের বলে আউট হন ড্যারেল মিচেলও। এরপর আসলে এই ম্যাচে কিছু ছিল না। ১৯ ওভারে ১৫৯ রান তুলতেই সব কটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
ভারতের পক্ষে বুমরাহ কব্জা করেন ৪টি উইকেট, আক্সার প্যাটেলের শিকার তিনটি।
এই জয়ে প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলো ভারত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এ নিয়ে দ্বিতীয়বার হারতে হলো নিউজিল্যান্ডকে।

