spot_img

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চীনের হুঁশিয়ারি

অবশ্যই পরুন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে দেশটিতে শাসনব্যবস্থা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংঘাত বন্ধ করে দ্রুত কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ এই কূটনীতিক।

রোববার (৮ মার্চ) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকটের কখনোই সমাধান হবে না। সংঘাতের পরিবর্তে কূটনৈতিক পথেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তিনি বলেন, বিশ্ব আবারও ‘জোর যার মুল্লুক তার’ ধরনের নীতিতে ফিরে যেতে পারে না।

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওয়াং ই বলেন, রঙিন বিপ্লব বা শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো উদ্যোগ ইরানের জনগণের সমর্থন পায় না। তিনি বলেন, দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ হলো কূটনৈতিক সংলাপ।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানসহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে এবং মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। এতে সংঘাত আরও বিস্তৃত হয়ে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে।

তিনি বলেন, “এটি এমন একটি যুদ্ধ, যা কখনো হওয়া উচিত ছিল না। এই যুদ্ধ কারও কোনো উপকার করছে না। শক্তি কোনো সমাধান দেয় না; সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে।”

ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের জনগণই এই অঞ্চলের প্রকৃত মালিক। তাই এই অঞ্চলের বিষয়গুলো স্থানীয় দেশগুলোকেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত, বাইরের হস্তক্ষেপ ছাড়াই।

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনটেলিজেন্স কাউন্সিলের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের সামরিক হামলা চালানো হলেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো সহজে ভেঙে পড়ার সম্ভাবনা কম।

সংকট সমাধানে সংলাপের ওপর জোর দিয়ে ওয়াং ই বলেন, সব পক্ষের দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসা উচিত। মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করা এবং যৌথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করা প্রয়োজন।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মানুষের শান্তি নিশ্চিত করা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় চীন ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

এর আগে গত বুধবার (৪ মার্চ) ওয়াং ই জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবিলায় মধ্যস্থতার জন্য একজন বিশেষ দূত পাঠাবে চীন।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে সৌদি সফরে চীনের বিশেষ দূত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। সফরকালে তিনি সৌদির...

এই বিভাগের অন্যান্য সংবাদ