দাম্পত্য কলহ ও পরকীয়ার জেরে আত্মহত্যা করা অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে ময়মনসিংহের ভালুকা উপজেলার রানদিয়া গ্রামে নানাবাড়িতে দাফন করা হয়েছে। ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে আলভীর বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর থেকেই তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এরই মধ্যে সোমবার (২ মার্চ) দুপুরে জানা যায়, ইকরার ব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে বলে অভিযোগ উঠেছে। বেলা একটার সময়ও আইডিটি সচল থাকলেও দেড়টার দিকে তার বান্ধবী সামিয়া আলম বিষয়টি টের পান।
সামিয়ার দাবি, আলভীই ইকরার ফেসবুক আইডি হ্যাক করেছেন। তিনি জানান, তাদের তিন বান্ধবীর একটি চ্যাট গ্রুপ ছিল। সেখানে হঠাৎ করে ইকরার পাঠানো কথোপকথন মুছে যেতে দেখা যায়। বিষয়টি নিয়ে অন্য এক বান্ধবীর সঙ্গে আলোচনা করে তারা ধারণা করেন, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।
কেন আলভীর বিরুদ্ধে এমন অভিযোগ—এ প্রশ্নে সামিয়া বলেন, এর আগেও আলভীর বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ শোনা গেছে। তাদের দাবি, গ্রুপটিতে ইকরা তার দাম্পত্য ও পারিবারিক নানা সমস্যার কথা শেয়ার করেছিলেন। আলভীর বিরুদ্ধে একাধিক অভিযোগও সেখানে ছিল। সেসব তথ্য মুছে ফেলতেই আইডি হ্যাক করা হয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ।
সামিয়া আরও জানান, ইকরার মৃত্যুর পর তার ব্যবহৃত মোবাইল ফোন পল্লবী থানা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।
এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা হওয়ার পর থেকেই জাহের আলভীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার রাতে তিনি দেশে ফিরেছেন—এমন গুঞ্জন থাকলেও তার অবস্থান নিশ্চিত করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

