শিরোপার দৌড়ে আবারও হোঁচট খেল আর্সেনাল। ২ গোলে এগিয়ে থাকার পরও উলভসের সাথে ২-২ গোলে ড্র করেছে গানাররা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মেলিনাক্স স্টেডিয়ামে উলভসের মুখোমুখি হয় আর্সেনাল।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের মাত্র ৫ মিনিটেই গোল পেয়ে যায় আর্সেনাল। প্রথম গোলটি আসে সাকার হেড থেকে। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় গানাররা। বিরতির পর থেকে ফিরেই দ্বিতীয় গোলটি করেন পিয়েরো ইঙ্কাপিয়ে।
পাল্টা লড়াইয়ে মিনিট পাঁচেকের মাথায় বুয়েনোর কল্যাণে ব্যবধান কমায় স্বাগতিক উলভস। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে টম এডোজির শট বারে লেগে ফিরলেও পাশে থাকা কালাফিওরির গায়ে লেগে বল আর্সেনালের জালে জড়ায়। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় টেবিল টপারদের।
লিগ টেবিলে ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। অপরদিকে ২৬ ম্যাচ খেলা সিটির অবস্থান ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।

