spot_img

গোপালগঞ্জে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত যুবক কলারোয়া সীমান্তে আটক

অবশ্যই পরুন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ ও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রান্ত তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৩টার দিকে কলারোয়া উপজেলার হিজলদী বিওপির একটি বিশেষ দল সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৪ এস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার জানান, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুরে জড়িত ছিলেন তিনি। পরে ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। সেখানে হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করছিলেন। শনিবার বাংলাদেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হন।

বিজিবি আরও জানায়, অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি কম থাকবে আরও কিছুদিন: অর্থমন্ত্রী

অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফেরানোর প্রক্রিয়ায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ