দশকের পর দশক ধরে চলে আসা রীতিতে পরিবর্তন আনছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মাদরাসাগুলোতে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে শুধু রোববার। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা পর্ষদ।
সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, এখন থেকে পশ্চিমবঙ্গের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সব মাদরাসায় সাপ্তাহিক ছুটি থাকবে শুধু রোববার। শুক্রবারসহ সপ্তাহের অন্য কোনো কর্মদিবসে নিয়মিত ছুটি রাখা যাবে না। গত ২৭ নভেম্বর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। শনিবার (২৮ নভেম্বর) বিজ্ঞপ্তিটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করতে মাদরাসাপ্রধানদের বলা হয়েছে।
পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সব মাদরাসার দৈনন্দিন শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুসরণ করতে হবে। ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের ২৫ নম্বর ধারা এবং পর্ষদের ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের আগের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, পর্ষদের নিয়ন্ত্রণাধীন সব স্বীকৃতিপ্রাপ্ত মাদরাসায় সাপ্তাহিক ছুটি থাকবে শুধু রোববার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোববার ছাড়া সপ্তাহের অন্য কোনো কর্মদিবসে নিয়মিত সাপ্তাহিক ছুটি পালনের প্রচলন অবিলম্বে বন্ধ করতে হবে।
সংবাদমাধ্যম বলছে, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে পশ্চিমবঙ্গ সরকারের নেয়া ধারাবাহিক বিভিন্ন উদ্যোগের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। এসব উদ্যোগের মধ্যে রয়েছে শিক্ষাক্রম সংস্কার, স্কুলের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, শিক্ষার্থীদের পোশাকবিধি পরিবর্তন এবং বায়োমেট্রিক হাজিরা চালু করা।
পশ্চিমবঙ্গের সব মাদরাসায় কয়েক দশক ধরেই শুক্রবার সাপ্তাহিক ছুটি পালনের রীতি ছিল। মূলত জুমার নামাজে অংশ নেয়ার সুযোগ করে দিতে এ ব্যবস্থা চালু ছিল। শুক্রবার ছুটির কারণে শিক্ষাদানের যে সময় কমে যেত, তা পুষিয়ে নিতে রোববার মাদরাসাগুলো খোলা রাখা হতো।
নতুন নির্দেশনার ফলে দীর্ঘদিনের সেই রীতিতে পরিবর্তন আসছে। এর মধ্য দিয়ে স্বীকৃতিপ্রাপ্ত মাদরাসাগুলোর সাপ্তাহিক ছুটির সময়সূচি রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
পর্ষদ স্পষ্ট করে জানিয়েছে, রোববার ছাড়া অন্য কোনো দিন নিয়মিত সাপ্তাহিক ছুটি রাখা যাবে না। তবে শিক্ষাপঞ্জি অনুযায়ী ধর্মীয় উৎসব ও সরকার ঘোষিত ছুটির দিনগুলোতে মাদরাসা বন্ধ রাখা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জনসাধারণের বিশেষ উপলক্ষ, ধর্মীয় উৎসব, জাতীয় অনুষ্ঠান বা অন্য কোনো নির্দিষ্ট কারণে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা পর্ষদ কিংবা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ যে ছুটি ঘোষণা করবে, এই নির্দেশনার কারণে সেসব ছুটিতে কোনো প্রভাব পড়বে না।’
এর আগে ভারতের উত্তরাখণ্ড রাজ্য সরকারও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। ২০২৬ সালের অক্টোবরে রাজ্যটির ২০৬টি স্বীকৃতিপ্রাপ্ত মাদরাসায় শুক্রবারের ছুটি বাতিল করে সরকার।
এদিকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমবঙ্গ সরকারও মাদরাসাগুলোর কার্যক্রমের ওপর নজরদারি বাড়িয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে রাজ্যের ২২টি জেলার ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ দেয় বিজেপি নেতৃত্বাধীন প্রশাসন।
‘নির্ধারিত নিয়ম’ না মানার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি, পর্যাপ্ত অবকাঠামো না থাকা, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা অপর্যাপ্ত হওয়া এবং অর্থের উৎস নিয়ে অসংগতি থাকার অভিযোগ আনা হয়েছিল।

