spot_img

স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই

অবশ্যই পরুন

হৃদরোগ শনাক্তে নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এর সহায়তায় সাধারণ ইসিজি পরীক্ষার ফল স্বাভাবিক দেখালেও হৃদযন্ত্রের ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন ঝুঁকি শনাক্ত করা সম্ভব হতে পারে। ফলে প্রচলিত ইসিজি পরীক্ষার মাধ্যমে হৃদরোগ নির্ণয়ে আরও কার্যকর তথ্য পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ২৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তি ইসিজির সূক্ষ্ম সংকেত ও বৈদ্যুতিক কার্যক্রমের ধরন বিশ্লেষণ করতে পারে। এসব সংকেত সাধারণত চিকিৎসকের চোখে সহজে ধরা পড়ে না। তবে এআইয়ের মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে সম্ভাব্য হৃদরোগের ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা পাওয়া সম্ভব।

প্রতিবেদন অনুযায়ী, এ প্রযুক্তির সাহায্যে সম্ভাব্য হার্ট অ্যাটাকের ঝুঁকি, হৃদযন্ত্রের পেশির দুর্বলতা, হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা এবং বয়সের তুলনায় হৃদযন্ত্রের দ্রুত বুড়িয়ে যাওয়ার লক্ষণ শনাক্ত করা যেতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউসিএলএর ডেভিড গেফেন স্কুল অব মেডিসিনের শিক্ষক ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আফশিন এমরানি বলেন, হৃদরোগ নির্ণয়ে ইসিজি এখন নতুন সম্ভাবনাময় একটি হাতিয়ার হয়ে উঠছে। তুলনামূলক কম খরচে ও সহজে করা যায় এই পরীক্ষা। প্রতিবছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের ইসিজি করা হয়। এর সঙ্গে এআই যুক্ত হওয়ায় পরীক্ষার ফল থেকে আরও বেশি তথ্য পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হার্ট অ্যাটাকের মতো জরুরি পরিস্থিতিতেও এআইনির্ভর ইসিজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দ্রুত ঝুঁকি শনাক্ত করে চিকিৎসকদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে এই প্রযুক্তি। যুক্তরাষ্ট্র ও ভারতে হৃদরোগ শনাক্ত এবং চিকিৎসার পদ্ধতিতে এর ব্যবহার নতুন সম্ভাবনা তৈরি করছে।

এআইয়ের মাধ্যমে ইসিজি বিশ্লেষণ করে হৃদযন্ত্রের বয়স, পেশির কার্যক্ষমতা এবং সম্ভাব্য জটিলতার ইঙ্গিত পাওয়া যেতে পারে। ফলে রোগের লক্ষণ স্পষ্ট হওয়ার আগেই ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে এআইনির্ভর ইসিজি প্রচলিত চিকিৎসা পরীক্ষা কিংবা চিকিৎসকের মূল্যায়নের বিকল্প নয়। বরং হৃদরোগের সম্ভাব্য ঝুঁকি আগেভাগে শনাক্ত করা এবং পরবর্তী পরীক্ষা ও চিকিৎসার সিদ্ধান্ত নিতে সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করবে এটি।

সর্বশেষ সংবাদ

হরমুজ সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, শত্রুর সব শক্তি ফাঁদে আটকা: ইরান

ইরানের নৌবাহিনীর প্রধান প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। শত্রুর সব...

এই বিভাগের অন্যান্য সংবাদ