ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর সঙ্গে প্যারিসে দেখা করেছেন বলিউড অভিনেতা অনিল কাপুর।
এ সময় তাদের মধ্যে শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি ও স্থাপত্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে এই সাক্ষাতের কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন অভিনেতা।
ইনস্টাগ্রাম পোস্টে অনিল কাপুর জানান, ভারতে প্রথমবার ম্যাঁখোর সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিন তাদের কথাবার্তা এতটাই সহজ ও আন্তরিক ছিল যে মনে হয়েছিল, তারা বহুদিনের পরিচিত। প্যারিসে আবার দেখা হওয়ার পরও সেই উষ্ণতা অনুভব করেছেন তিনি।
কাপুর আরো জানান, ম্যাঁখোর কার্যালয়ে তারা নেপোলিয়নের সময়কার বেশ কিছু শিল্পকর্ম দেখেছেন। ইতিহাসের শিক্ষা থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাওয়া উচিত, তা নিয়েও তাদের আলোচনা হয়েছে।
প্যারিসে তাকে ও তার ভাগ্নেকে আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য ফরাসি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন অনিল কাপুর। পাশাপাশি তাদের বন্ধুত্বের কথা উল্লেখ করে ভবিষ্যতে ভারতে ম্যাঁখোকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
অনিল কাপুরের এই পোস্টে ভক্ত ও অনুসারীরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘অভিজাত্যের মিলন, নিখুঁত সৌন্দর্য।’ আরেকজন তাকে বিশ্বের অন্যতম প্রিয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।
অনিল কাপুরকে সর্বশেষ আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ ছবিতে দেখা গেছে।

