spot_img

ভঙ্গুর অর্থনীতি নিয়েই ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও চীন—দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি চিনপিং। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে অনুষ্ঠিত এ বছরের তৃতীয় আনুষ্ঠানিক বৈঠকে দুই নেতার আলোচনায় অর্থনৈতিক চাপ, বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ট্রাম্পের জন্য যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতি, ঋণের বাড়তি ব্যয়, জনসমর্থন কমে যাওয়া এবং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় রাজনৈতিক চাপ বাড়িয়েছে। অন্যদিকে, শি চিনপিংও চীনের দুর্বল অর্থনীতি, বিনিয়োগে স্থবিরতা ও বাজারের পতন নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছেন।

মে মাসে চীনের অর্থনীতিতে পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা গেলেও গত ছয় মাসে সেই গতি অনেকটাই হারিয়েছে। আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট, পণ্যের দাম কমতে থাকা এবং অভ্যন্তরীণ চাহিদার দুর্বলতা অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। ঋণ, ভোগব্যয় ও বিনিয়োগেও গতি নেই।

বেইজিংয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন এখনো মূল্যহ্রাসের প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারেনি। গ্রীষ্মের পর দেশটির শেয়ারবাজারে ২০ শতাংশের বেশি দরপতন হয়েছে। হংকংয়ের প্রযুক্তি খাতের শেয়ার দুই বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে চীনের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হারও রেকর্ড সর্বনিম্নে পৌঁছেছে।

তবে চীনের অর্থনীতিতে এখনো আশার জায়গা রপ্তানি খাত। সেমিকন্ডাক্টর, ইন্টিগ্রেটেড সার্কিট, কনভার্টার ও স্টোরেজ ব্যাটারির মতো উচ্চপ্রযুক্তির পণ্য রপ্তানি বাড়ায় গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। চলতি বছরেও রপ্তানির এই গতি অব্যাহত রয়েছে।

রপ্তানি আয়কে ভর করে ২০২৬ সালে ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে চীন। বিশ্লেষকদের হিসাবে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির প্রায় ২ শতাংশ এসেছে নিট রপ্তানি থেকে। এত বড় অর্থনীতির প্রবৃদ্ধিতে রপ্তানির এমন অবদানকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন তাঁরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এআই প্রযুক্তির উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণের নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিগত আধিপত্য ধরে রাখতে দুই দেশই প্রতিযোগিতা করছে।

তবে এআই খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা দুই দেশের অর্থনীতিতে ঝুঁকিও তৈরি করছে। যুক্তরাষ্ট্রে এ খাতের প্রবৃদ্ধি কমে গেলে শেয়ারবাজারে বড় ধস নামতে পারে, যার প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়বে। চীনের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা। দেশটিতে মহামারির পর থেকে স্থায়ী সম্পদে বিনিয়োগ সবচেয়ে দ্রুত গতিতে কমছে।

ট্রাম্প-শির ক্ষমতার ভারসাম্যে প্রভাব

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র মূল্যস্ফীতি ও ঋণের সুদের চাপ কমাতে চাইলে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা গুরুত্বপূর্ণ। গাভেকাল রিসার্চের প্রতিষ্ঠাতা অংশীদার লুই-ভিনসেন্ট গাভের মতে, বিশ্বে মূল্যস্ফীতি কমাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ওয়াশিংটনের জন্য বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখা প্রয়োজন।

কিন্তু ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ সেই সম্ভাবনার সঙ্গে সাংঘর্ষিক। চীনা এআই মডেল ব্যবহারকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর বিধিনিষেধ এবং চীনে মার্কিন প্রযুক্তিতে তৈরি এআই চিপ বিক্রিতে আরও কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন।

এর আগে ২০২৩ সালে তৎকালীন মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো চীনকে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের অনুপযুক্ত জায়গা হিসেবে উল্লেখ করেছিলেন। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিল বেইজিং, তৈরি হয়েছিল কূটনৈতিক উত্তেজনা।

চীনের অর্থনৈতিক দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ দুই নেতার আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। ফলে বাণিজ্য, প্রযুক্তি ও বিনিয়োগের প্রশ্নে ট্রাম্প ও শির ক্ষমতার ভারসাম্য আগামী দিনে কোন দিকে যায়, তা নিয়ে বাড়ছে আগ্রহ।

সর্বশেষ সংবাদ

সার বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি কৃষি সচিবের

কৃষক পর্যায়ে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ