ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি (৪৮.৩ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই অর্থ ব্যয় করেছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত ১ আগস্ট পর্যন্ত এই যুদ্ধের ব্যয় ৩ হাজার ৮০০ কোটি (৩৮ বিলিয়ন) ডলার বলে হিসাব দিয়েছিল মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও)। পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, আগের হিসাবের তুলনায় যুদ্ধের ব্যয় প্রায় ২৬ শতাংশ বেড়েছে।
আইনপ্রণেতাদের এক শুনানিতে পেন্টাগনের কর্মকর্তা আর্থার মিলার জানান, ১৩ নভেম্বর পর্যন্ত যুদ্ধে মোট ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে গোলাবারুদ, সামরিক সরঞ্জাম প্রতিস্থাপন এবং অভিযান পরিচালনার খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়নি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব ঘাঁটির কয়েকটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট ক্ষয়ক্ষতির হিসাবও এই ব্যয়ের বাইরে রাখা হয়েছে।
এদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের চেষ্টা করছে ইরান। অন্যদিকে, ইয়েমেনে ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল অবকাঠামো ও জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করেছে। অবরোধ কার্যকর রাখতে বিমানবাহী রণতরীসহ বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে ওয়াশিংটন।
সূত্র: ডয়েচে ভেলে, এপি

