আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই অস্ট্রেলিয়ার দুই তারকা সরে দাঁড়ালেন। আগে ট্রাভিস হেড, এবার মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও ফিটনেস ধরে রাখার কথা ভেবে ২০২৭ সালের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। তার সিদ্ধান্তে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে হেডকে না পাওয়ার ধাক্কা সামলাতে হবে সানরাইজার্স হায়দরাবাদকে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্টগুলোতে মনোযোগ দিতে চান ৩৬ বছর বয়সী স্টার্ক। এ কারণে দীর্ঘ সময়ের আইপিএল খেলে বাড়তি শারীরিক চাপ নিতে চান না তিনি। এরই মধ্যে দিল্লি ক্যাপিটালসকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই পেসার।
আইপিএল ২০২৭-এর আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার তালিকা প্রকাশ করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। দিল্লির তালিকায় নেই স্টার্কের নাম। তার পাশাপাশি নীতীশ রানা, অভিষেক পোরেল, পাথুম নিশাঙ্কা, বেন ডাকেট ও করুণ নায়ারের মতো ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে দলটি।
২০২৫ সালের মেগা নিলামে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নিয়েছিল দিল্লি। তাকে ছেড়ে দেয়ায় এই অর্থ নিলামের জন্য দিল্লির তহবিলে ফিরে এসেছে। সব হিসাব মিলিয়ে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় নিলামে ৩৯ কোটি ৫০ লাখ রুপি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির স্কোয়াডে এখনো নয়টি জায়গা খালি রয়েছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে চারজন।
স্টার্ককে হারানো দিল্লির জন্য বড় ক্ষতি। নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ইনিংসের শেষ দিকে কার্যকর বোলিংয়ের জন্য পরিচিত তিনি। তার জায়গায় অভিজ্ঞ কোনো বিদেশি পেসার খুঁজতে হবে দলটিকে।
২০২৭ সালে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ঠাসা আন্তর্জাতিক সূচি। বছরের শুরুতে ভারতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলবে দলটি। এরপর মার্চে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ম্যাচ রয়েছে।
জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনাও আছে অস্ট্রেলিয়ার। এরপর জুন থেকে আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ খেলবে তারা। বছরের শেষ দিকে অক্টোবর-নভেম্বরে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সব মিলিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ফিট থাকতে আইপিএল থেকে বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক।
আন্তর্জাতিক ক্রিকেটকে অগ্রাধিকার দেয়ার নজির অবশ্য আগেও রেখেছেন তিনি। ২০১৫ সালের পর দীর্ঘ নয় বছর আইপিএলে খেলেননি এই পেসার। ২০২৪ সালে আবার টুর্নামেন্টে ফিরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। সে সময় ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা, যা তখন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।

