রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন বিমান আন-১২ বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন বলে মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিমানটি একটি জনবসতিহীন এলাকায় আছড়ে পড়ে।
আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের প্রধান কাজ হচ্ছে দুর্ঘটনার তদন্তে সহায়তা করা।
সেরেদিউক অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে জানান, বিমানটি ইয়াগুনোভো গ্রামের কাছাকাছি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ছিল। দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে বিমানটিকে বিধ্বস্ত হতে দেখা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। সূত্র: রয়টার্স

