চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ভারত। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় পায় দলটি। এটি সাফে ভারতের দশম শিরোপা জয়।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। চতুর্থ মিনিটে প্রথম সুযোগটি তৈরি করেছিল ভারত। মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে পাকিস্তানের বক্সে ঢুকে পড়েন সুহাইল বাট। বক্সের কোণা থেকে ডান পায়ে নেওয়া তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
১৭ মিনিটে পরপর তিনটি সুযোগ তৈরি করে পাকিস্তান। তবে আলি আকবর, আব্দুল সামাদ ও অরুন আবদুল্লাহ কেউই সেগুলো কাজে লাগাতে পারেননি। এর মধ্যে অরুনের দুর্বল শট গোললাইন থেকে সহজেই লুফে নেন ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ।
৩৪ মিনিটে পাল্টা আক্রমণে ভালো সুযোগ পেয়েছিল ভারতও। পাকিস্তানের গোলমুখে জটলা তৈরি হলে কয়েকজনের পা ঘুরে বল চলে যায় বক্সের কোণায় থাকা রিকি জনের কাছে। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।
প্রথমার্ধের যোগ করা সময়ে অবশেষে গোলের দেখা পায় পাকিস্তান। জুনায়েদের নেওয়া শট টাইমিংথানের পায়ে লেগে চলে যায় আলমগীর খানের কাছে। বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমে ব্রাদার্স ইউনিয়নে খেলা আলমগীর দারুণ প্লেসিংয়ে বল জালে পাঠিয়ে দেন। তাতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।
তবে বিরতিতে থেকে ফিরে এসে ৬০ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ভারতের ফরওয়ার্ড সুহেল আহমেদ ভাট। পরে ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় আবদুল রাবিহর কর্নার কিক থেকে ডি-বক্সের জটলার ভেতর দারুণ এক হেড নেন ডিফেন্ডার সন্দীপ মান্ডি। বল মাঠে ড্রপ খেয়ে ডান কোণ দিয়ে জালে আশ্রয় নিলে উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। শেষ পর্যন্ত এই গোলেই রোমাঞ্চকর জয় নিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে ভারত।

