মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) চালানো এ হামলার তথ্য জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর এই শাখা। খবর রয়টার্সের।
আইআরজিসির দাবি, মার্কিন সামরিক ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের জবাবে এ হামলা চালানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে নতুন করে এ হামলার খবর সামনে এলো। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাত ইতোমধ্যে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর অবস্থিত।
এদিকে, ইরানের হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন। এর আগে দেশটির কর্তৃপক্ষ একটি অনির্দিষ্ট নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করে নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানায়।
এর আগে রোববারও বাহরাইন জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে। অন্যদিকে, তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডারব্যবস্থা লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানো হয়েছিল।

