spot_img

এক দশক পর কোহলি বুঝবে কত বড় ভুল করেছে: কপিল দেব

অবশ্যই পরুন

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবের মনে এখনো সেই অবসরের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ। তার মতে, কোহলির মতো ফিট ক্রিকেটারের আরও কয়েক বছর টেস্ট খেলা উচিত ছিল। শুধু তা-ই নয়, এক দশক পর নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা হতে পারে কোহলির।

সময়ের অন্যতম সেরা ক্রিকেটার তো বটেই, সর্বকালের সেরাদের তালিকাতেও বিরাট কোহলির অবস্থান বেশ ওপরের দিকে। অথচ ২০২৫ সালের মে মাসে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ভারতের এই তারকা ব্যাটার। এখন খেলছেন শুধু ওয়ানডে সংস্করণে। কোহলির সেই সিদ্ধান্তই এখনো মেনে নিতে পারছেন না কপিল দেব।

টেস্ট ক্রিকেটে ১২৩ ম্যাচ খেলে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন কোহলি। এই সংস্করণে তার রয়েছে ৩০টি অর্ধশতক ও ৩১টি শতক। অবসরের পর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কোহলির টেস্ট দলে না থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

কপিলের মতে, ফিটনেসের দিক থেকে এখনো অনেক তরুণ ক্রিকেটারের চেয়ে এগিয়ে কোহলি। তাই তার আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল। এক সাক্ষাৎকারে কপিল বলেন, ‘ফিটনেসের দিক থেকে সে ২৫ বছর বয়সী কোনো ক্রিকেটারকেও চ্যালেঞ্জ জানাতে পারে। রাগ করে অবসর নেয়া ঠিক নয়। তাদের মোহিন্দার অমরনাথের মতো হওয়া উচিত। তাকে অনেকবার দল থেকে বাদ দেয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই ফিরে এসে তিনি অন্যদের ভুল প্রমাণ করেছিলেন।’

কোহলির অবসরকে বড় ভুল মনে করেন কপিল। এ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, বিরাট কোহলি সবচেয়ে বড় ভুল করেছে। সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ১০ বছর পর নিজের এই সিদ্ধান্তের জন্য তার আফসোস হবে। তার অবসর নেয়া উচিত হয়নি। অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে তার ফিটনেস অনেক ভালো।’

কোহলির মতো ভারতের আরেক তারকা রোহিত শর্মাও এখন শুধু ওয়ানডে খেলছেন। তবে সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সময়টা ভালো কাটেনি তার। চার ইনিংসে করেছেন মাত্র ৩০ রান। রোহিতের ভবিষ্যৎ নিয়ে অবশ্য সরাসরি কোনো মন্তব্য করতে চাননি কপিল। বিষয়টি ছেড়ে দিয়েছেন নির্বাচকদের ওপর।

কপিল বলেন, ‘রোহিত যদি খেলতে পারে, ভালো কথা। আমি বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দেব। তারা যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে বুঝতে হবে তার সময় শেষ। এটা পুরোপুরি নির্বাচকদের ওপর নির্ভর করছে। কারণ, তারা সম্মিলিতভাবে ভাবছেন, দলের জন্য কোনটি সবচেয়ে ভালো।’

ভারতের হয়ে রোহিতের অবদানের প্রশংসাও করেছেন কপিল। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, কোনো ক্রিকেটারই চিরকাল খেলবেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিত দেশের জন্য যা করেছে, তা প্রশংসনীয়। তবে কেউই সারাজীবন খেলতে পারবে না। সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, মহেন্দ্র সিং ধোনি সবাই একসময় বিদায় নিয়েছেন। একদিন সবাইকেই যেতে হবে।’

সর্বশেষ সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মাসে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব...

এই বিভাগের অন্যান্য সংবাদ