spot_img

নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানো হলে তার জবাব আগের চেয়ে আরও কঠোর ও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

শুধু পশ্চিম এশিয়ার মধ্যেই নয়, সম্ভাব্য নতুন যুদ্ধের প্রভাব এ অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে নতুন কোনো সামরিক অভিযান চালালে আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর ও বিস্তৃত আক্রমণের মুখে পড়বে। নতুন করে যুদ্ধ শুরু হলে সংঘাতের ভৌগোলিক পরিসর আর শুধু পশ্চিম এশিয়া অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

আকরামিনিয়া আরও বলেন, সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের বিভিন্ন ধরনের স্থাপনাকে লক্ষ্যবস্তু করার তালিকা হালনাগাদ করছে। নতুন করে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের স্থাপনা, সামরিক সরঞ্জাম, সেনাসদস্য এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো ইরানের নাগালের মধ্যে বিশ্বের যেকোনো স্থানে লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে, ইরানের পশ্চিম সীমান্তে স্থলপথে নতুন একটি রণক্ষেত্র তৈরির চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেছেন এই সামরিক মুখপাত্র।

অভিযোগ, উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থানরত সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সহায়তা করে এ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল শত্রুপক্ষ।

তবে ইরানের সামরিক ইউনিট মোতায়েন এবং ওই গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে আগাম অভিযান চালানোর মাধ্যমে তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেন আকরামিনিয়া।

তিনি জানান, সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে, এমন শত্রুপক্ষের অবস্থান ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার প্রস্তুতি অব্যাহত রেখেছে।

সর্বশেষ সংবাদ

১ জানুয়ারি থেকে বিনা টিকিটে জাদুঘর ঘুরতে পারবে শিক্ষার্থীরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিনা টিকিটে বাংলাদেশ জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ