ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। এখন এ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ দর-কষাকষি।
শুক্রবার (৩০ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির এ প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট—দুই পক্ষের সামনেই সরকার গঠনের কঠিন সমীকরণ। নির্বাচনে কোনো শিবিরই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অন্যদিকে, ঐতিহাসিকভাবে ১৯টি আসন পাওয়া আরব নেতৃত্বাধীন দলগুলো সরকার গঠনে নির্ধারক ভূমিকা রাখতে পারে।
তবে সরকার গঠনের যেকোনো সমঝোতায় দলগুলোকে নিজেদের ভোটারদের কাছে অজনপ্রিয় এমন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। শেষ পর্যন্ত কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ব্যর্থ হলে আগামী বছরের শুরুর দিকে আবার নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর বর্তমান সরকার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবে। সরকার গঠনের সম্ভাব্য তিনটি পরিস্থিতি সামনে এসেছে।
আইজেনকোটের সঙ্গে আরব দলগুলোর জোট
সংখ্যার হিসাবে সবচেয়ে সহজ সমাধান হতে পারে আইজেনকোটের সঙ্গে আরব নেতৃত্বাধীন দলগুলোর জোট। এ দুই পক্ষ এক হলে নেতানিয়াহুবিরোধী ৬৭ আসনের একটি শক্তিশালী জোট গঠন সম্ভব। আর আরব দলগুলো সরাসরি সরকারে যোগ না দিলেও সংখ্যালঘু সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে। তবে আইজেনকোট ও তার ইহুদি মিত্রদের জন্য এ সমীকরণ রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ।
ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক। তারা মূলত ফিলিস্তিনি, যাঁদের পরিবারের সদস্যরা ১৯৪৮ সালের যুদ্ধের পর ইসরায়েলে থেকে গিয়েছিলেন। পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফিলিস্তিনিদের অধিকার ও দাবির প্রতিও তাঁদের ব্যাপক সমর্থন রয়েছে। এ কারণে অনেক ইহুদি ইসরায়েলি তাঁদের সন্দেহের চোখে দেখেন।
ইসরায়েলের ইতিহাসে মাত্র একবার কোনো আরব দল সরকারে যোগ দিয়েছিল। ২০২১ সালে গঠিত সেই সরকার টিকেছিল প্রায় ১৮ মাস।
নেতানিয়াহু ইতিমধ্যে আরব দলগুলোর সঙ্গে সম্ভাব্য জোটকে ইসরায়েলের ইহুদি পরিচয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরছেন। এতে আইজেনকোটের মিত্রদের, বিশেষ করে ডানপন্থী দলগুলোর ওপর এমন জোট প্রত্যাখ্যানের চাপ বাড়ছে।
জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা
আরেকটি সম্ভাবনা হলো, আইজেনকোট ও তার ডানঘেঁষা মিত্রদের সঙ্গে সমঝোতা করে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে পারেন নেতানিয়াহু।
এ ধরনের জোট হলে নেতানিয়াহুর পক্ষে ৬৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব। এতে আরব নেতৃত্বাধীন দলগুলোর পাশাপাশি কট্টর জাতীয়তাবাদী ও অতি-গোঁড়া ইহুদি দলগুলো বিরোধী শিবিরে চলে যাবে।
এমন সরকার অতি-গোঁড়া ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারে। একই সঙ্গে ইসরায়েলের অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগও নিতে পারে।
তবে এ সমঝোতায় উভয় পক্ষকেই নিজেদের আগের অবস্থান থেকে সরে আসতে হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী করে আসছেন আইজেনকোট ও তার মিত্ররা। তাঁদের অভিযোগ, নেতানিয়াহু ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার নিয়েও আপত্তি রয়েছে বিরোধী শিবিরের।
আইজেনকোট ও তার সহযোগীরা আগেই ঘোষণা দিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে একই সরকারে তারা থাকবেন না।
বিরোধী ভোটারদের অন্যতম প্রধান দাবি হলো, ৭ অক্টোবরের হামলা ও নিরাপত্তাব্যর্থতা তদন্তে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিশন গঠন। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার এমন কমিশন গঠনে সম্মত হওয়ার সম্ভাবনা কম। অতীতেও ইসরায়েলের বিরোধী নেতারা ভোটারদের প্রতিশ্রুতি ভেঙে নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠন করে রাজনৈতিক সমর্থন হারিয়েছেন।
অন্যদিকে, এমন জোট করতে হলে নেতানিয়াহুকেও তার কট্টর ডানপন্থী ও অতি-গোঁড়া ইহুদি মিত্রদের বাদ দিতে হবে। ৭ অক্টোবরের হামলার পর থেকে একাধিক যুদ্ধ ও সংকটের সময় এসব দল তার পাশে ছিল।
বিরোধী শিবির থেকে নেতা ভাঙানোর চেষ্টা
বিরোধী জোটের মধ্যে দুর্বলতা খুঁজে বের করে সেখান থেকে সমর্থন আদায়ের চেষ্টা করতে পারেন নেতানিয়াহু। কারণ, এ জোটে ইসরায়েলের রাজনৈতিক বর্ণালির বিভিন্ন মতাদর্শের দল রয়েছে।
এ ক্ষেত্রে সাবেক মিত্র ডানপন্থী নেতা নাফতালি বেনেট কিংবা আভিগদর লিবারম্যানকে নিজের দিকে টানার চেষ্টা করতে পারেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের মতো জাতীয়তাবাদী নীতিতে তাঁদের সমর্থন রয়েছে। ফলে আরব দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার ক্ষেত্রে তাঁদেরও রাজনৈতিক জটিলতায় পড়তে হতে পারে।
তবে ব্যক্তিগত ও রাজনৈতিক নানা বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। দুজনই তার সঙ্গে জোটে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া নেতানিয়াহুর অতি-গোঁড়া ইহুদি মিত্রদের অন্যতম প্রধান দাবি—সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি নিয়েও তাঁদের আপত্তি রয়েছে।
অন্যদিকে, বিরোধী শিবির থেকে সমর্থক ভাঙিয়ে আনার ক্ষেত্রে আইজেনকোটের সুযোগ তুলনামূলকভাবে কম। কারণ, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার কট্টর ডানপন্থী ও অতি-গোঁড়া ইহুদি মিত্ররা দীর্ঘদিন ধরে তার প্রতি অনুগত।
সমঝোতা না হলে আবার নির্বাচন
কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে আগামী বছরের শুরুতে ইসরায়েলে আবার নির্বাচন হতে পারে। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর বর্তমান সরকার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবে।
এ পরিস্থিতি নেতানিয়াহুর বিরোধীদের জন্য বড় ধাক্কা হতে পারে। এবারের নির্বাচনের আগে বিরোধী শিবিরের পক্ষে জনসমর্থন বাড়লেও ফলাফল তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। নির্বাচনে ভোট দিতে বিদেশ থেকে হাজার হাজার ইসরায়েলি দেশে ফিরেছিলেন। নতুন নির্বাচন হলে তাঁদের অনেকেই দ্বিতীয়বার ভোট দিতে দেশে ফিরবেন কি না, তা অনিশ্চিত।
অন্যদিকে, নতুন নির্বাচনের মাধ্যমে নিজের জোটকে আরও শক্তিশালী করার সময় পাবেন নেতানিয়াহু। এবারের নির্বাচনে তার সমর্থক ছোট কয়েকটি ডানপন্থী দল পার্লামেন্টে প্রবেশের ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে পারেনি। ফলে এসব দলের পক্ষে দেওয়া ভোট কার্যত নষ্ট হয়েছে। পরবর্তী নির্বাচনে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা না করলে কিংবা তাদের সমর্থকেরা বড় কট্টর ডানপন্থী দলগুলোর দিকে ঝুঁকলে নেতানিয়াহুর শিবির আরও শক্তিশালী হতে পারে।
ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থার নজির অবশ্য আগেও রয়েছে। ২০১৯ সালে একই ধরনের অচলাবস্থার পর সাড়ে তিন বছরের মধ্যে দেশটিতে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফলে এবারের নির্বাচনের পরও দ্রুত রাজনৈতিক সমঝোতা না হলে ইসরায়েল আবারও দীর্ঘস্থায়ী রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

