spot_img

হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির, মধ্যস্থতায় ইরান

অবশ্যই পরুন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইরানের মধ্যস্থতায় সম্ভাব্য একটি সমঝোতার অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সৌদি আরবের ওপর হামলা বন্ধ করা এবং যুদ্ধবিরতি নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুতিদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তেহরান সফর করেন। ইরানের মাধ্যমে হুতিদের কাছে ১০০ কোটি ডলার হস্তান্তরের প্রস্তাবও আলোচনায় ছিল বলে দাবি করা হয়েছে।

এ আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

সম্প্রতি সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হুতিদের হামলা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কার ঘিরে ইরানের হামলা ও উত্তেজনার কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ব্যাহত হওয়ার উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলোচনা জোরদার হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে তেহরান সফর করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এর ধারাবাহিকতায় সোমবার ইরানের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, আসিম মুনির ও তুরস্কের ইব্রাহিম কালিন।

সৌদি আরব জানিয়েছে, সামরিক উত্তেজনার পুনরাবৃত্তি ঠেকাতে আলোচনার পথ খোলা রাখাই এ সফরের উদ্দেশ্য। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠক শেষে চার দেশ শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা জোরদার করতে এ ধরনের আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব ও হুতিদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব আগেই দিয়েছিল ইরান। তবে অর্থ হস্তান্তরের বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের সঙ্গে কথা বলা সৌদি কর্মকর্তা কোনো নিশ্চয়তা দেননি।

ওই কর্মকর্তা জানান, প্রায় তিন বছর আগে হুতিদের সঙ্গে হওয়া সমঝোতা বাস্তবায়ন নিয়েও বিরোধ রয়েছে। আগের সমঝোতার আওতায় ইয়েমেনের হুতিনিয়ন্ত্রিত এলাকায় সরকারি কর্মীদের বেতন পরিশোধ এবং বেসামরিক অবকাঠামো পুনর্নির্মাণে সৌদি আরবের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল।

এর বিনিময়ে হুতিদের যুদ্ধবিরতি বজায় রাখা এবং সৌদি আরবে হামলা বন্ধ করার প্রত্যাশা করা হয়েছিল। হুতিদের অভিযোগ, সৌদি আরব ওই সমঝোতা থেকে সরে গেছে।

তবে সৌদি কর্মকর্তার দাবি, রিয়াদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সামরিক চাপের মুখে নতুন কোনো যুদ্ধবিরতিতে সম্মত হবে না সৌদি আরব। এ ছাড়া, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে হুতিরা দখল করা এলাকা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের অর্থ দেওয়ার বিরোধিতাও করেছে রিয়াদ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, প্রস্তাবিত ১০০ কোটি ডলার সৌদি প্রতিরক্ষামন্ত্রীর উড়োজাহাজে করে তেহরানে নেওয়া হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: ফার্স্টপোস্ট

সর্বশেষ সংবাদ

কারিগরি শিক্ষার মান ও প্রসার আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এ শিক্ষার মান সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

এই বিভাগের অন্যান্য সংবাদ