ভারতের টেলিভিশন জগতে পরিচিত মুখ আকাঙ্ক্ষা চৌধুরী। পুনেতে নবরাত্রির একটি অনুষ্ঠানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেছেন ‘স্প্লিটসভিলা এক্স৬’ খ্যাত এই তারকা। তার দাবি, সময়মতো গাড়ির ব্যবস্থা করেননি আয়োজকেরা। পরে তাকে জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এমনকি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তা গুরুত্ব দিয়ে শোনা হয়নি বলে অভিযোগ তার।
আকাঙ্ক্ষা জানান, দল সঙ্গে না থাকায় তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চাইছিলেন না। নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু তার অভিযোগ, সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব না দিয়ে হাসাহাসি করেন। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে আকাঙ্ক্ষা বলেন, তাকে জোর করে গাড়িতে বসিয়ে মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি চিৎকার করে জানাচ্ছিলেন, নিজের দল ছাড়া সেখানে প্রবেশ করা তার পক্ষে নিরাপদ নয়। তাঁর দাবি, সঙ্গে থাকা ব্যক্তিদের থাপ্পড় মারার পরই গাড়ি থামে।
এই অভিজ্ঞতাকে অপহরণের মতো পরিস্থিতি বলে বর্ণনা করেছেন আকাঙ্ক্ষা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুধু অব্যবস্থাপনা নয়, পারিশ্রমিক না দেয়া এবং প্রচারের কাজে তার ছবি ব্যবহার করা নিয়েও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই তারকা। তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: এনডিটিভি

