পাকিস্তানি অভিনেত্রী মীরাকে কানাডা সীমান্তে আটকে দেয়ার ঘটনা ঘটেছে এবং তাকে দেশটিতে প্রবেশে বাধা দেয়ার পর যুক্তরাষ্ট্রে ফেরত পাঠিয়েছে অভিবাসন কর্মকর্তারা। সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
এ ঘটনায় কানাডিয়ান কর্তৃপক্ষ ঘটনার পরিস্থিতি বা কারণ জানায়নি। এমনকি পাকিস্তানি তারকাও ঘটনা সম্পর্কে এখনো কোনো বিবৃতি দেননি।
এদিকে ধারণা করা হচ্ছে, মীরার কানাডা প্রবেশের নিষেধাজ্ঞার সঙ্গে ক্যালগারিতে তার আগের একটি সফরের সম্পর্ক থাকতে পারে। তার অভিনীত ‘সাইকো’ সিনেমার প্রচারণার সময় ঘটেছিল ঘটনাটি। প্রয়োজনীয় কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট বা পারফরম্যান্সের অনুমোদনের ব্যাপারে উদ্বেগের কারণে তাকে প্রবেশে বাধা দেয়া হতে পারে। যদিও কারণটি এখনো স্পষ্ট নয়।
চলতি বছর ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ সিনেমায় প্রধান চরিত্র ‘জারা’র ভূমিকায় দেখা গেছে মীরাকে। যদিও সিনেমাটি এবং এর প্রচার অভিযান নিষিদ্ধ রয়েছে এখন। তবে ক্যালগারির নির্দিষ্ট পালফরম্যান্স এবং কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞার সঙ্গে এর সম্পর্ক এখনো স্পষ্ট নয়।

