বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলোতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার বিক্রির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন একবারে সর্বোচ্চ ২ হাজার ডলার বিক্রি করা যেত।
বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো বিদেশগামী একজন বাংলাদেশি নাগরিককে তার প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, একজন গ্রাহকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তার প্রযোজ্য কোটার পরিমাণ ও সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য মুদ্রার নোট ও মুদ্রা আকারে বিক্রি করা যাবে।
নতুন এ ব্যবস্থার ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকরা মানি চেঞ্জারের মাধ্যমে একবারে আগের তুলনায় বেশি নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারবেন।

