spot_img

বাংলাদেশে ৫০টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মিলেমিশে বসবাস করছে: সংস্কৃতিমন্ত্রী

অবশ্যই পরুন

বাংলাদেশে পাহাড় ও সমতলে ৫০টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজস্ব ভাষা ও স্বকীয়তা বজায় রেখে মিলেমিশে বসবাস করছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর দপ্তরে ব্রিটিশ পার্লামেন্টের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’-এর তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বহুমাত্রিক সংস্কৃতি, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং দুই দেশের পার্লামেন্টারি সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আপসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন শকাত আদম ও লর্ড কুরবান হোসেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পার্লামেন্ট-টু-পার্লামেন্ট সম্পর্ক উন্নয়ন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতির কথা তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, ‘বাংলাদেশে পাহাড় ও সমতলের ৫০টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজস্ব ভাষা ও স্বকীয়তা বজায় রেখে মিলেমিশে বসবাস করছে। আমাদের রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বলে কোনো বিভাজন নেই; আইনের চোখে সব নাগরিক সমান সুযোগ ও অধিকার ভোগ করেন।’

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রসঙ্গ তুলে সংস্কৃতিমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এর মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারায় নতুন যাত্রার সূচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিগত ফ্যাসিবাদের পতনের পর অস্থিতিশীলতা রোধ এবং দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পদক্ষেপের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থেকে সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার উদাহরণ হিসেবে দুর্গাপূজার ব্যাপ্তির কথা তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, গত বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর এ সংখ্যা আরও প্রায় ৫ হাজার বাড়তে পারে।

বৈঠকে উপস্থিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ৪ কোটি টাকা চাহিদার বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ কোটি টাকা বরাদ্দের বিশেষ উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার্থে দুর্গাপূজায় সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম ও যুগ্ম সচিব ইলিয়াস সুমনাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ