spot_img

সাম্প্রতিক অর্জন ২০২৩ সালের ৭ অক্টোবরের ব্যর্থতাকে মুছে দেয় না: ইসরায়েলি সেনাপ্রধান

অবশ্যই পরুন

ইসরায়েলের নিরাপত্তা ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন ২০২৩ সালের ৭ অক্টোবরের ব্যর্থতাকে মুছে দেয় না এবং ওই ব্যর্থতার দায়ও কমায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামির।

গাজা উপত্যকার সীমান্তবর্তী জিকিম সামরিক ঘাঁটিতে, ২০২৩ সালের ৭ অক্টোবর, হামলার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। হামাসের হামলার অন্যতম লক্ষ্য ছিল এই ঘাঁটিটিও।

জামির বলেন, তিন বছর আগে, সিমচাত তোরাহ উৎসবের দিনে, ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পালনে আইডিএফ ব্যর্থ হয়েছিল। ওই দিন হামাসের যোদ্ধারা বিভিন্ন জনবসতি ও সামরিক ঘাঁটিতে ঢুকে হামলা চালায়, মানুষ হত্যা ও অপহরণ করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

আইডিএফ প্রধান বলেন, ওই ঘটনার তিন বছর পর ইসরায়েল এখন ভিন্ন এক নিরাপত্তা বাস্তবতার মুখোমুখি। নিয়মিত বাহিনী ও রিজার্ভ: উভয় শাখার কমান্ডার ও সেনারা বিভিন্ন ফ্রন্টে লড়াই করেছেন এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

তবে তিনি বলেন, ‘বাস্তবতা বদলে দেওয়া এসব অর্জনও ৭ অক্টোবরের ব্যর্থতাকে মুছে দেয় না এবং এর জন্য আমাদের দায়ও কমায় না।’

এই দায়বদ্ধতার অর্থ শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং প্রয়োজনীয় পরিবর্তন আনা বলেও মন্তব্য করেন জামির।

তিনি বলেন, এই তিক্ত ব্যর্থতা ও গুরুতর ত্রুটি থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনর্গঠন ও আরও শক্তিশালী করার পথে নেতৃত্ব দিতে হবে।

জিকিম সামরিক ঘাঁটিতে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে আইডিএফের জেনারেল স্টাফ ফোরামের সদস্য, নিহত সেনাদের পরিবারের সদস্য, ওই দিনের যুদ্ধে আহত সেনারা এবং সাবেক জিম্মি আভিনাতান অরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে সিএ পেশাজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

দেশের প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সততা ও দক্ষতার সাথে কাজ করার জন্য দেশের চার্টার্ড অ্যাকাউনট্যান্টস (সিএ) পেশাজীবীদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ