বাংলাদেশ থেকে পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধের রপ্তানি আরও বাড়ানোর সম্ভাবনার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের সুযোগ খোঁজার আহ্বান জানান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্তকরণ, ওষুধ শিল্প, সার্জিক্যাল সরঞ্জামের বাণিজ্য সম্প্রসারণ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় পাকিস্তানের হাইকমিশনার অঙ্গ প্রতিস্থাপন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে GIMS আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া ভবিষ্যতে বাংলাদেশে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।

