উত্তরাঞ্চলে ১১ দলীয় জোটের লংমার্চের সময় যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। যারা টোল আদায় করে তারা অনেক মানুষ দেখে হয়ত ভয় পেয়েছিল বলেও মন্তব্য করেছেন তিনি।
১১ দলের লংমার্চ কর্মসূচিকে জনমনে ধোঁয়াশা তৈরির উদ্যোগ বলেও উল্লেখ করেছেন রিজভী। একই সঙ্গে উত্তরাঞ্চলে প্রায় ৪৫০টি গাড়ি নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিজভী বলেন, ‘কিছু রাজনৈতিক দল, তাদের সুর ভিন্নতর, তারা লংমার্চ করছেন। যদি জনস্বার্থে এটা করে…কিন্তু একটি প্রশ্ন; জনগণের প্রতি দায়বদ্ধতা যদি থাকে, তবে ৪৫০ গাড়ি নিয়ে উত্তরাঞ্চলে গেলেন, তা করলেন কেন?’
তিনি বলেন, ‘জনমনে ধোঁয়াশা তৈরি করার জন্য ১১ দল লংমার্চ কর্মসূচি দিয়েছে।’
বৈশ্বিক সংকটের বিষয়টি বিবেচনায় না নিয়ে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দল ঢালাওভাবে অভিযোগ এবং ব্যক্তিগত আক্রমণ করছে বলেও মন্তব্য করেন তিনি। ডিজেলের দাম প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রতি লিটার ডিজেল ৯০ টাকা লোকসান দিতে হয়, মূল্য সমন্বয়ের পর ৭০ টাকা দিতে হবে।’ এ বিষয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় রাজশাহী রেলস্টেশনে একটি ছাত্র সংগঠনের ভাঙচুরের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘গুপ্ত বলে পরিচিত ছাত্র সংগঠন রাজশাহী রেলস্টেশনে নজিরবিহীন ভাঙচুর করেছে। যে ছেলেগুলো পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এদের বিরুদ্ধে একটা লংমার্চ করেন।’
রিজভীর দাবি, ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক ইস্যুতে বিরোধিতা এবং জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিটি কখনো চূড়ান্তভাবে জনগণের সমর্থন পায়নি।

