spot_img

স্পিকারকে জানিয়ে গ্রেফতার দেখানো হলো এমপি গাজী নজরুলকে

অবশ্যই পরুন

রাজধানীর ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ জানায়, সংসদের স্পিকারকে অবহিত করার পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডিএমপির তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান, মরিয়মের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ভবনের লোকজন ফ্ল্যাটটির জানালা দিয়ে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে শেরেবাংলা নগর থানার ওসি ও ডিএমপির তেজগাঁও জোনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়।

এ ঘটনায় মরিয়মের বাবা বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

মামলার এজাহারে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তাধীন।

এর আগে গত ২২ জুলাই এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার কথা জানানো হয়েছিল।

তবে নজরুল ইসলাম তখন দাবি করেছিলেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম এবং তাদের চলতি বছরের ১৭ জুন বিয়ে হয়েছে। পরবর্তী সময়ে তার দলীয় অবস্থান ও সংসদ সদস্য পদ নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এই জয় তুলে নেয় লাল-সবুজ বাহিনী। প্রথমার্ধে বাংলাদেশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ