spot_img

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

অবশ্যই পরুন

জস বাটলারের অপরাজিত অর্ধশতকে ভর করে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ম্যানচেস্টারে সিরিজের শেষ ম্যাচে এই জয়ের মাধ্যমে ভারতকে সরিয়ে আবারও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংলিশরা।

শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্য মাত্র ৮ উইকেট হাতে রেখে ৬২ বল আগেই পেরিয়ে যায় ইংল্যান্ড। এই জয়ে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে টানা ১৫ ম্যাচ জিতল তারা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ বল বাকি থাকতেই ১২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুললেও পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

পাথুম নিশাঙ্কা ২৪ বলে ৩৬ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। কামিন্দু মেন্ডিস করেন ২৮ বলে ৩৫ রান। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস, জোফরা আর্চার ও ম্যাচসেরা সনি বেকার নেন দুটি করে উইকেট।

৭ রানে ওয়ানিন্দু হাসারাঙ্গা নিজের শট খেলতে গিয়ে উইকেটের বেল ফেলে আউট হন। আর অধিনায়ক চরিথ আসালাঙ্কা ১৬ রানে অপ্রয়োজনীয় রানআউটের শিকার হলে ৮৩ রানেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।

জবাবে শুরুতেই ২২ রানে অ্যানিউরিন ডোনাল্ডকে হারালেও এরপর আর কোনো বিপদে পড়তে হয়নি ইংল্যান্ডকে। বাটলার ও অধিনায়ক হ্যারি ব্রুক দ্রুত রান তুলতে থাকেন। পাওয়ারপ্লে শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৮২।

আগের ম্যাচে টি-টোয়েন্টিতে ১৫ হাজার রান পূর্ণ করা বাটলার ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন। ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করার পর আরেকটি ছক্কায় দলের জয় নিশ্চিত করেন তিনি। ব্রুক করেন ৩৩ রান। সিরিজে সর্বোচ্চ রান করে প্লেয়ার অব দ্য সিরিজও হয়েছেন ইংলিশ অধিনায়ক।

এদিকে, ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের বোলিং ছিল নিয়ন্ত্রণহীন। মাত্র ৯ ওভার ৪ বলের মধ্যে ওয়াইডই ছিল ৯টি, যার দুটি বাউন্ডারিতে পরিণত হয়।

সিরিজে নিজেদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা। তিনি বলেন, ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে তুলনা করলে টি-টোয়েন্টিতে নিজেদের অবস্থান নিয়ে এই সিরিজকে তিনি ‘চোখ খুলে দেওয়ার মতো’ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ১১৯ রানে জয় পেয়েছিল। সেই ম্যাচে হ্যারি ব্রুক অপরাজিত ১১৪ রান করেন। দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জয়ের পর শেষ ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।

এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। মঙ্গলবার ডারহামের চেস্টার-লে-স্ট্রিটে শুরু হবে সিরিজ। এরপর বৃহস্পতিবার লিডসের হেডিংলিতে এবং রোববার লন্ডনের ওভালে হবে বাকি দুই ম্যাচ।

সর্বশেষ সংবাদ

এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ চীনের হাতে, উদ্ধারে নেমেছে যুক্তরাষ্ট্র

এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে পড়েছে। এই ঘটনার পরপরই অস্ট্রেলিয়া থেকে স্টেলথ প্রযুক্তির...

এই বিভাগের অন্যান্য সংবাদ