কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় আরও এক সন্দেহভাজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ নিয়ে এ ঘটনায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসআরবি-১১, সিপিসি-২-এর কুমিল্লা ক্যাম্পের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত ব্যক্তির নাম মো. আনাস। তবে তার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরবির ওই কর্মকর্তা।
এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
সেদিন বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, এ ঘটনায় এর আগে তুহিন নামের আরও একজনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোনটি নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত তদন্ত চলমান থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার।

