তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তাঁর আইনবিষয়ক উপদেষ্টা মেহমেত উকুম। তবে এ জন্য নির্ধারিত সময়ের আগে নির্বাচন আয়োজন করতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া বক্তব্যে উকুম বলেন, পার্লামেন্টের ৬০০ সদস্যের মধ্যে ৩৬০ জন আগাম নির্বাচনের পক্ষে সমর্থন দিলে ২০২৮ সালের ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
তুরস্কের আইনে ২০২৮ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের ৩৬০ সদস্যের সমর্থন থাকলে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন আয়োজন করা যায়। এমন নির্বাচন হলে এরদোয়ানের আবারও প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হবে।
বর্তমানে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) ও জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) পার্লামেন্টে ৩২৬টি আসন নিয়ন্ত্রণ করছে। ফলে আগাম নির্বাচন আয়োজনের জন্য তাদের আরও ৩৪ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে।
তবে সরকার এতদিন বলে আসছিল, ২০২৮ সালেই নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে আগাম নির্বাচন নিয়ে উকুমের বক্তব্যকে নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
৭২ বছর বয়সী এরদোয়ান ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে তুরস্কের ক্ষমতায় আসেন। ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৮ ও ২০২৩ সালেও তিনি পুনর্নির্বাচিত হন। ২০১৮ সালে তুরস্ক নির্বাহী প্রেসিডেন্টশাসিত ব্যবস্থায় যাওয়ার পর তাঁর প্রেসিডেন্টের ক্ষমতা আরও বিস্তৃত হয়।
২০২৩ সালের নির্বাচনের সময় এরদোয়ান জানিয়েছিলেন, সেটিই প্রেসিডেন্ট হিসেবে তাঁর শেষ মেয়াদ হবে। বর্তমান নিয়ম অনুযায়ী ২০২৮ সালের নির্ধারিত সময়ে নির্বাচন হলে তাঁর আরেকবার প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না। তবে আগাম নির্বাচন হলে সেই সাংবিধানিক সীমাবদ্ধতা এড়ানোর সুযোগ তৈরি হবে বলে এএফপি জানিয়েছে।

