সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চলের ভ্যালাইস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
ভ্যালাইস আঞ্চলিক পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করে একক-ইঞ্জিনের ‘সিরাস এসআর২২টি’ বিমানটি। পরে ভ্যালাইসের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে আঘাত হেনে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিমানের ভেতর থেকে তিন আরোহীকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টার ও দুইজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

