সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শেষ ম্যাচে জয় নিয়ে সফর শেষ করল বাংলাদেশ ‘এ’ দল। শনিবার (১২ সেপ্টেম্বর) পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে তাওহিদ হৃদয়ের দল। ১৭ ওভার হাতে রেখে পাওয়া এই জয়ে ৩ ম্যাচের সিরিজটিতে ১-০ ব্যবধানে সাফল্য পেল সফরকারীরা।
বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রিশাদ হোসেন ১০ ওভারে ৪৫ রান দিয়ে ঝুলিতে পুরেন সর্বোচ্চ ৪টি উইকেট। তাকে দারুণ সঙ্গ দেন অফ স্পিনার আলিস আল ইসলাম, যিনি ১০ ওভারে ৩৫ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও সাইফ হাসান ১টি করে উইকেট শিকার করেন।
১৮৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমের উদ্বোধনী জুটি বাংলাদেশকে শক্ত ভিত এনে দেয়। দুই ওপেনারের ৯২ রানের চমৎকার জুটিতেই জয়ের পথ সুগম হয়। সাইফ ৫৩ বলে ৬১ রান করে বিদায় নেওয়ার পর দ্রুত আরও ৩টি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ইনিংসে। আরেক ওপেনার নাঈম শেখ ৭৭ বলে ৬০ রানের দায়িত্বশীল ইনিংস দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আউট হন।
তবে বাংলাদেশের জিততে খুব একটা বেগ পেতে হয়নি। অধিনায়ক তাওহিদ হৃদয়ের নেতৃত্বে ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে জয়ের পাশাপাশি সিরিজও নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে, দুটি চার দিনের ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল: ৪৭.২ ওভারে ১৮২/১০ (অ্যাকারম্যান ৫৪, মানেক ৪৩; রিশাদ ৪/৪৫, আলিস ৩/৩৫)
বাংলাদেশ ‘এ’ দল: ৩৩ ওভারে ১৮৩/৫ (সাইফ ৬১, নাঈম ৬০; সিমন্ডস ২/৩১)
ফলাফল: বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেটে জয়ী।

