সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে ড্রোন হামলার পেছনে ইরান জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার জন্য ইরান সম্ভবত দায়ী।
সাংবাদিকরা জানতে চান, হামলার পেছনে ইরান রয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তারা (ইরান) সম্ভবত এর সঙ্গে জড়িত।’
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সংঘাত শেষ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে।
সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদনকারী এলাকা থেকে লোহিত সাগর উপকূল পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হয় ইস্ট-ওয়েস্ট পাইপলাইন। বৃহস্পতিবার আকাশপথে হামলার পর পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
হামলায় কয়েকজন আহত হন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে উড্ডয়ন করেছিল।
তবে হামলার দায় বা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সৌদি তেল স্থাপনায় এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

