দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষায়ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার পিটিআইয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত ‘জবাবদিহিতা, কার্যকর বিদ্যালয় নেতৃত্ব, দলগত সমন্বয় ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সব শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা এখন সরকারের অন্যতম বড় দায়িত্ব। শিশুদের নৈতিকতা ও দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে মিড ডে মিল, বিনামূল্যে ইউনিফর্ম, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থীদেরও মনিটরিংয়ের আওতায় আনা হবে বলে জানান তিনি। এ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট মনিটরিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

