সুপ্রিম কোর্টের আপীল বিভাগে মন্তব্যের জেরে প্রধান বিচারপতিসহ আপীল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের মন্তব্য ঘিরে মুখ খুলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল উনি কে? উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক। তিনি আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আপনারা জানেন সুপ্রিম কোর্টে আইনজীবীরা আমাকে ১১ বার নির্বাচিত করেছে। আমিইতো আইনজীবীদের কথা বলবো, বিচার প্রার্থীদের কথা বলবো। এটর্নি জেনারেলের কোন কাজ আছে এখানে? উনি কে? উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক। উনার বক্তব্য অনিভিপ্রেত। আমি আশ্চর্য হয়ে গেলাম, উনি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন, উনি কিভাবে আইনজীবীদের বিপক্ষে অবস্থান নেন। আমি শকড্।
তিনি আরও বলেন, হাইকোর্টে এখনো অনেক বিচারপতি আওয়ামী লীগের হয়ে কাজ করেন। সেই বিচারকদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নিতে হবে প্রধান বিচারপতিকে। অন্যথায় আন্দোলনে নামবে আইনজীবীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের বাদানুবাদে আপিল বিভাগের এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয় দেশজুড়ে। যার আলোচনা হয় জাতীয় সংসদেও। এ নিয়ে এটর্নি জেনারেল রুহুল কদ্দুস কাজলও এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে এটর্নি জেনারেল বলেন, উনি (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন) আইনজীবীদের কল্যাণে ও স্বার্থে কিছু কথা প্রধান বিচারপতির কাছে বলেছেন বলে দাবি করেছেন। আসলে এমন কোনো কথা মামলার প্রসিডিংয়ে (কার্যধারা) হয়নি।

