২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানিয়েছেন ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি। আর্সেনাল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ডের ভোট কিলিয়ান এমবাপ্পের পক্ষে। তার মতে, খুব বেশি পিছিয়ে নেই ফরাসি সতীর্থ মাইকেল অলিসেও।
বুধবার প্রকাশ করা হয়েছে ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। ‘ফ্রান্স ফুটবল’-এর প্রকাশিত এই তালিকায় এমবাপ্পে ও অলিসের সঙ্গে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, উসমান দেম্বেলে, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল, এরলিং হলান্ড, হ্যারি কেইন, ভিটিনিয়া, রদ্রি ও ব্রুনো ফার্নান্দেসের মতো তারকারা।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকা নিয়ে আলোচনায় নিজের পছন্দের নামটি স্পষ্ট করেই জানিয়েছেন অঁরি। তার মতে, বিশ্বকাপ জিততে পারলে মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকত। অলিসেকেও তিনি দেখছেন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে। তবে শেষ পর্যন্ত এমবাপ্পেকেই এগিয়ে রেখেছেন ফ্রান্সের সাবেক এই তারকা।
এমবাপ্পের পক্ষে যুক্তি দিতে গিয়ে অঁরি দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের গুরুত্ব তুলে ধরেছেন। কোনো বড় দলীয় শিরোপা না জিতলেও এমবাপ্পের ব্যালন ডি’অরের দাবিকে খাটো করার কারণ দেখছেন না তিনি। কারণ, অতীতেও বড় ট্রফি ছাড়াই অনেক খেলোয়াড় এই পুরস্কার জিতেছেন।
অঁরির চোখে এমবাপ্পের সবচেয়ে বড় শক্তি তার গোল করার ধারাবাহিকতা। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়াকে বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে অলিসের অ্যাসিস্ট করার সামর্থ্যও অঁরিকে মুগ্ধ করেছে।
নিজের পছন্দের কথা বলতে গিয়ে অঁরি বলেন, ‘আমার কাছে কিলিয়ানই সেরা। ব্যক্তিগতভাবে সে যা করেছে, তা অসাধারণ। আমি কিলিয়ানকে বেছে নেব, তবে তার খুব কাছেই থাকবে মাইকেল অলিসে।’
ব্যালন ডি’অরের এবারের সংক্ষিপ্ত তালিকায় তাই লড়াইটা বেশ জমজমাট। এমবাপ্পে, অলিসে, মেসি, দেম্বেলে, ইয়ামাল, ভিনিসিয়ুস, হলান্ড, কেইনদের মতো তারকাদের ভিড়ে শেষ হাসি কে হাসবেন, সেটিই এখন দেখার।

