spot_img

তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘নতুন তথ্য নেই’: জয়সোয়াল

অবশ্যই পরুন

ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, তা নিয়ে এখনো কোনো নতুন তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ফলে দিল্লিতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ এই সম্মেলনে তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সম্পর্কে জানানোর মতো তার কাছে নতুন কোনো তথ্য নেই।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এখন পর্যন্ত তারেক রহমানের সফর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সাংবাদিকরা তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ব্রিকসের আউটরিচ অধিবেশনে তাঁর অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে জয়সোয়াল বলেন, এ মুহূর্তে নতুন করে জানানোর মতো কোনো তথ্য তাঁর কাছে নেই।

এর ফলে আমন্ত্রণ পাওয়ার পরও তারেক রহমান শেষ পর্যন্ত নয়াদিল্লির সম্মেলনে অংশ নেবেন কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অন্তর্বর্তী সময় থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এ পরিস্থিতিতে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য বহন করছে।

সম্প্রতি ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠক নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। ওই বৈঠকে তারেক রহমানের ভারত সফর কিংবা শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চান তাঁরা।

জবাবে জয়সোয়াল বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরু হতে পারে—এমন প্রতিবেদন নিয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়।

জয়সোয়াল এ বিষয়েও বলেন, তাঁর কাছে এ মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই।

ফলে একদিকে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ, অন্যদিকে আন্তদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর সম্ভাবনা—দুই ক্ষেত্রেই দিল্লির পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো নতুন ঘোষণা পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

ইরানের ‘কাসেম বাসির’ যে কারণে মার্কিন নৌবহরের ‘মাথাব্যথা’

পারস্য উপসাগর ও ওমান সাগরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন সমীকরণে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’। ১ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ