spot_img

পারমাণবিক সক্ষমতাসম্পন্ন নতুন ডেস্ট্রয়ার নৌবহরে যুক্ত করলো উ. কোরিয়া

অবশ্যই পরুন

পারমাণবিক সক্ষমতাসম্পন্ন নতুন একটি ডেস্ট্রয়ার নৌবহরে যুক্ত করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সোমবার এ তথ্য জানিয়েছে। ৫ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজটির নাম ‘ক্যাং কন’।

রোববার (৬ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ওয়ানসানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার নৌবাহিনীতে কমিশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সঙ্গে ছিলেন তার স্ত্রী রি সল-জু ও মেয়ে জু-এ।

কিম জং উন নতুন ডেস্ট্রয়ারটিকে মূলত একটি ‘আক্রমণাত্মক যুদ্ধজাহাজ’ হিসেবে উল্লেখ করেন।

কিম বলেন, নতুন প্রজন্মের এই ডেস্ট্রয়ার শত্রুদের বিরুদ্ধে ভয়াবহ পাল্টা আঘাত হানতে সক্ষম হবে। দেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করে ‘পারমাণবিক অস্ত্রসজ্জিত বাহিনীতে’ পরিণত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তার ভাষ্য, সামুদ্রিক প্রতিরক্ষা এবং যুদ্ধ প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে হবে।

যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগে নতুন যুদ্ধজাহাজ

‘ক্যাং-কন’ ডেস্ট্রয়ারটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর পূর্ব সাগর বহরে যুক্ত করা হয়েছে। এর কমিশনিংয়ের একদিন পরই যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা। দীর্ঘদিন ধরেই এমন সামরিক মহড়াকে ‘যুদ্ধের মহড়া’ হিসেবে আখ্যা দিয়ে আসছে পিয়ংইয়ং।

নতুন ডেস্ট্রয়ারটি নৌবহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে মাত্র তিন মাসেরও কম সময়ের ব্যবধানে উত্তর কোরিয়ার নৌবাহিনীতে দ্বিতীয় ৫ হাজার টন শ্রেণির যুদ্ধজাহাজ যুক্ত হলো। এর আগে, দেশটির প্রথম ৫ হাজার টনের ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’ পশ্চিম সাগর বহরে কমিশন করা হয়েছিল।

এদিকে, আগামী পাঁচ বছরে, ৫ হাজার টনের বেশি ওজনের দুটি বড় যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছিল পিয়ংইয়ং। এর মধ্যে ১০ হাজার টন শ্রেণির যুদ্ধজাহাজও নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নতুন যুদ্ধজাহাজ কমিশন করার মধ্য দিয়ে উত্তর কোরিয়া যে তার নৌবাহিনীকে আরও আধুনিক ও পারমাণবিক সক্ষম করে তুলতে চাইছে, কিম জং উনের বক্তব্যে সেই পরিকল্পনাই স্পষ্ট হয়েছে।

সর্বশেষ সংবাদ

গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান উপদেষ্টার

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।...

এই বিভাগের অন্যান্য সংবাদ