প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উদ্যোগে সৌদি আরবের কৃষি মন্ত্রণালয় এবং পাকিস্তানের খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর এ সমঝোতা হয়।
দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য কয়েকটি অগ্রাধিকার খাত চিহ্নিত করেছে:
চাল
লাল মাংস
ফল ও ফলের কনসেনট্রেট
সবুজ পশুখাদ্য
পানি-সাশ্রয়ী কৃষি প্রযুক্তি
চাল রপ্তানি
২০২৫ সালে পাকিস্তান সৌদি আরবে প্রায় ১ লাখ ৬৯ হাজার টন চাল রপ্তানি করেছে, যার মূল্য ছিল প্রায় ১৬৩ মিলিয়ন ডলার। সৌদি পক্ষ পাকিস্তান থেকে চাল আমদানি আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।
লাল মাংস
পাকিস্তান বর্তমানে বছরে প্রায় ৩০ হাজার টন লাল মাংস রপ্তানি করে, যার আনুমানিক মূল্য ১৬৭ মিলিয়ন ডলার। সৌদি আরব ধীরে ধীরে পাকিস্তান থেকে লাল মাংসের আমদানি দ্বিগুণ করার আগ্রহ প্রকাশ করেছে।
সবুজ পশুখাদ্যকে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া পাকিস্তানের বেসরকারি খাতের পশুপালন, কৃষি-খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং চালের মূল্যশৃঙ্খল নিয়ে বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে। এসব প্রকল্প এগিয়ে নিতে দুই দেশ নিয়মিত সমন্বয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দুই দেশ তাদের দীর্ঘদিনের কৌশলগত ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি সৌদি আরবের ভিশন ২০৩০-এর খাদ্যনিরাপত্তা অগ্রাধিকার এবং পাকিস্তানের কৃষি রপ্তানির সম্ভাবনার মধ্যে সামঞ্জস্যের কথা তুলে ধরা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতাও বেড়েছে। দুই দেশ গত বছর একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এবং চলতি মাসের শুরুতে তুরস্কের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

