ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের পর একই মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন দুই প্রতিমন্ত্রী। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার তাদের দায়িত্ব ও কার্যপরিধি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, নবনিযুক্ত হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ এবং আগে থেকে দায়িত্ব পালন করে আসা শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিজ নিজ কার্যপরিধি অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব পালনে সহায়তা করবেন।
পরিপত্রে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে তাকে সহায়তা করবেন প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম।
পরিপত্রে আরও বলা হয়েছে, উল্লেখিত দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।

