নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির মহিলা বাস সার্ভিস ‘পিংক বাসে’ পরীক্ষামূলকভাবে যুক্ত হয়েছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে একটি চলন্ত বাসে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) স্টারলিংকের হাই পারফরম্যান্স ডিভাইস ব্যবহার করে এই সংযোগ স্থাপন করেছে।
বিএসসিএল জানিয়েছে, চলন্ত বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব কি না, তা যাচাই করতেই এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনাও যাচাই করা হবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এই উদ্যোগের মাধ্যমে গণপরিবহনে যাত্রীদের উন্নত ডিজিটাল সংযোগ দেওয়ার সম্ভাবনা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন চলমান যানবাহনে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও কার্যকারিতাও মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
বিএসসিএলের এই পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে ভবিষ্যতে দেশের গণপরিবহনসহ বিভিন্ন চলমান যানবাহনে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সংযোগ ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

