spot_img

বিয়ে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির

অবশ্যই পরুন

ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। নানা সময়ে থেমে থেমে খবরের শিরোনাম হয়েছে। ফের গুঞ্জন চাউর হয়েছে, এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে গুঞ্জনটি জোরালো চর্চায় রূপ নেয়। অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন, পাশাপাশি প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন এই ‘নূর জাহান’ তারকা।

সোমবার (১৭ আগস্ট) রাতে পূজা চেরি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেন, “আমি দেখতে পাচ্ছি, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারো সাথে, কখনো অন্য কারো সাথে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে—যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।”

পুরোনো সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে পূজা চেরি বলেন, “আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম—‘আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে।’ আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।”

বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে পূজা চেরি বলেন, “বর্তমানে আমি নিজেকে কিছুটা সময় দিচ্ছি, নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সেই কারণেই ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়। বারবার বলতে চাই—আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।”

বাংলাদেশের সংবিধানে নাগরিকের আইনি সুরক্ষার বিষয়টি স্মরণ করেছেন পূজা। তিনি বলেন, “সবাইকে স্মরণে করিয়ে দিতে চাই, অনুমতি ছাড়া কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ইন্টারনেটে বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ।”

প্রয়োজনে আইনি পদক্ষেপে গ্রহণের হুঁশিয়ারি দিয়ে পূজা চেরি বলেন, “আমি সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব। আশা করি, সাংবাদিক ভাই-বোনেরা ও গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন এবং অসত্য নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকবেন। ভালোবাসা ও শুভকামনা সবার জন্য।”

‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে পরিচিতি লাভ করেন পূজা চেরি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাসুদ রানা’। বর্তমানে তার হাতে ‘ক্যাশ’, ‘নাকফুল’ ও ‘দরদরিয়া’ সিনেমার কাজ রয়েছে।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ